
রাজধানীর শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালত এই পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের বেন্স সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।
এদিন আদালত এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। এরপর আসামি ড. কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ বিষয় আগামী ২২ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা দুই আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জানা যায়, আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার
হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে
আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেন। এ ছাড়া এটর্নি জেনারেল
মাহবুব ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ
থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

