
ভারতের প্রধান
বিরোধী দল কংগ্রেসের সভাপতি পদে আজ সোমবার নির্বাচন শুরু হয়েছে। দেশটির রাজধানী নয়াদিল্লিসহ
ভারতজুড়ে কংগ্রেস দপ্তরে সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলবে।
ইতোমধ্যে বেলা
১১টায় দিল্লির ২৪ আকবর রোডে দলের সদর দপ্তরে ভোট দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন
সভাপতি সোনিয়া গান্ধী। ভোট দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন
সিংও এখানে ভোট দিয়েছেন। রিপোর্ট, মোট ৭৫ জন প্রতিনিধি এখানে ভোট দেবেন।
খবরে বলা হয়েছে,
কংগ্রসের সভাপতি হিসেবে কে হচ্ছেন তা ঠিক করতে ৯ হাজারের কিছু বেশি প্রতিনিধি গোপন
ব্যালটে ঠিক করবেন। এই পদে লড়াই চলছে ৮০ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ৬৬ বছরের
শশী থারুরের। যে-ই জিতুক ২৪ বছর পর তিনিই হবেন নেহরু-গান্ধী পরিবারের বাইরের কেউ।
আজকে ভোট শেষ
হওয়ার পর সব ভোটবাক্স ‘সিল’ করে দেওয়া হবে। কাল মঙ্গলবার দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
থেকে ভোট বাক্সগুলো দিল্লিতে আনা হবে। আগামী বুধবার ২৪ আকবর রোডে কংগ্রেস সদর দপ্তরে
ভোট গণনা শুরু হবে। এর আগে সব ভোট বাক্স থেকে ব্যালট বের করে মিশিয়ে দেওয়া হবে, যাতে
কে কাকে ভোট দিয়েছেন, তা গোপন থাকে।
২০০০ সালে কংগ্রেসে
সভাপতি পদে শেষবার ভোট হয়েছিল। সেই সময় ৯৭ শতাংশ ভোট পেয়ে উত্তর প্রদেশের রাজীব-ঘনিষ্ঠ
নেতা জিতেন্দ্র প্রসাদকে হারিয়েছিলেন সোনিয়া।

