Logo
শিরোনাম

কমবে শৈত্যপ্রবাহ, বৃষ্টিপাত হতে পারে

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪, ময়মনসিংহে ৯ দশমিক ৮, চট্টগ্রামে ১৩, সিলেটে ১২ দশমিক ৩, রাজশাহী ৮ দশমিক ৮, রংপুরে ৯ দশমিক ২, খুলনায় ১১ দশমিক ৫ এবং বরিশালে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


আরও খবর