
কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন আহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে ওই এলাকার দলীয় অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে,
সোমবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপি শহরের স্টেশন
রোডে দলীয় অফিসের সামনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে বিক্ষোভ মিছিলকে
কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময়
১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সোমবার দুপুরে বিএনপির
নেতাকর্মীরা রাস্তা আটকে মিছিল করছিল। এ সময় তাদের রাস্তা ছাড়তে বলায় মিছিল থেকে পুলিশের
ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে তিনিসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।

