
খুলনার ৪টি করোনা ডেডিকেটেড হাসপাতালে
করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত
আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ১৬ জনের মধ্যে খুলনা মেডিক্যাল
কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে
১ জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত
হাসপাতালে ৩ জন রয়েছেন।
এর আগে বুধবার (২৮ জুলাই) খুলনার হাসপাতালগুলোতে
১১ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার
করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস
রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-
বটিয়াঘাটার আইয়ুব আলী (৫৫), পিরোজপুরের মোশারফ হোসেন (৯৫), খুলনা মহানগরীর সোনাডাঙ্গার
আব্দুল খালেক (৯০), খালিশপুরের ইরিন সুলতানা (৩৩), দৌলতপুরের মো. আলী আকবর (৫৫), খালিশপুরের
আবুল হোসেন (৬৬) ও নিরালার আবুল হাই (৭৫)
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র
ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার ডুমুরিয়ার
আসমা বেগম (৪০) নামে ১ রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের
মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন
৫ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- খুলনার ১৫৯ পূর্ব বানিয়াখামার এলাকার মো. মকবুল হোসেন
খান (৬৫), দক্ষিণ টুটপাড়ার রেজিনা ফাতিমা (২৮), যশোর কারবালা বামনপাড়ার মর্জিনা রহমান
(৫৮), ঝিকরগাছার গদখালী এলাকার মিসেস বারিছুন্নেসা (৬০) এবং চুয়াডাঙ্গার আলমনগরের গোকুলখালীর
রহিমা খাতুন (৫৫)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটার বুজবুনিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), রূপসা উপজেলার করিমনগর এলাকার আবদুল আজিজ (৮০) এবং নগরীর ডালমিল মোড় ময়লাপোতা এলাকার রোকেয়া বেগম (৬০)। সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

