
করোনাভাইরাসে ভয়াবহ রূপ নিয়েছে খুলনা বিভাগে।
তবে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত
হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ৮৪৮ জনের।
এর একদিন আগে শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে রেকর্ড ১ হাজার ৩৩২ জনের শনাক্ত এবং আরও ২৩ জনের মৃত্যু হয়েছিল। শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে
জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়া ও যশোরে। কুষ্টিয়ার
৫ জন, যশোরের ৫ জন, খুলনার দুইজন, ঝিনাইদহের একজন ও মেহেরপুরের একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী
শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত
বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৯৬৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে
৯৫৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ১২৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৭২ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩৩৩ জনের। মারা গেছেন ২৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৩৩ জন।

