
মালয়েশিয়ায় বাংলাদেশের
সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে মালয়েশিয়ার
আদালত।
মঙ্গলবার (১৫
ফেব্রুয়ারি) মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টু ডে এ খবর প্রকাশ করেছে।
মালয়েশিয়ার উচ্চ
আদালতের বিচারক মোহাম্মদ জাইনি মাজলান এক আদেশে এম খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর
বিষয়ে স্থগিতাদেশ দেন।
সূত্র জানায়,
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে ৯ ফেব্রুয়ারি দেশটির আম্পান
এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এম খায়রুজ্জামান
সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যা মামলা ছিল।
তবে সেই মামলা থেকে খালাস পান তিনি।
তিনি তত্ত্বাবধায়ক
সরকারের আমলে ২০০৭ সালে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। তবে ২০০৯ সালে
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি
দেশে না ফিরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন।
১৯৭৫ সালের ৩
নভেম্বর জেল হত্যার পর তিনি পরররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হন। এরপর তিনি মিশর ও ফিলিপাইনের
বাংলাদেশ মিশনে নিযুক্ত ছিলেন।
১৯৯৬ সালে আওয়ামী
লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠিয়ে গ্রেফতার করা হয়। তবে ২০০৩ সালে তিনি
আদালতের জামিনে মুক্তি পান। ২০০৫ সালে তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত
হন। ২০০৭ সালে তিনি মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ
৯ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে।

