
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচটি দলের নেতারা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জোটের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেয়।
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি স্মারকলিপিটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।’
এর আগে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যায়।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী এম.এ. তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

