
কেরানীগঞ্জের
জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ মো. ইয়াসিন (১২)
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় দগ্ধ এক পরিবারের ছয়জনই মারা গেলেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
মারা যায় ইয়াসিন।
শেখ হাসিনা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন
বলেন, দগ্ধ ছয়জনের মধ্যে আজ সকালে ইয়াসিন নামে এক শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে
(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে
দগ্ধ ছয়জনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। কেউ বেঁচে রইলেন না।
গত ৩০ আগস্ট
সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় এক পরিবারের ছয় সদস্যকে উদ্ধার করে শেখ হাসিনা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছিল। এর আগে ভোর
সাড়ে ৪টার দিকে রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত
অপর ব্যক্তিরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার
(২৬), মো. শাহাদাত হোসেন (২০) ও মোছা. মারিয়া আক্তার (৮)।

