Logo
শিরোনাম

কাতার বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখল জার্মানি

প্রকাশিত:সোমবার ২৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জার্মানির জন্য ম‌্যাচটা ছিল বাঁচা-মরার। হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে চারবারের বিশ্বচ‌্যাম্পিয়নদের। যদিও ম্যাচের শেষদিকে বিদায়ের সেই শঙ্কা থেকে জার্মানদের বাঁচিয়ে দেন নিকোলাস ফুলক্রুগ। তার গোলে ২০১০ এর বিশ্বচ্যম্পিয়ন স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে শেষ ষোলো যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো চারবারের শিরোপা জয়ীরা।

রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে আল বায়েত স্টেডিয়ামে শুরু থেকেই বল নিজেদের দখলে রেখেছিল কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম‌্যাচে ৭ গোল করা স্পেন। ম্যাচের ৭ মিনিটেই গোলের সুযোগ পায় স্প্যানিশরা। কিন্তু ড্যানি ওলমোর শট বাঁচিয়ে জার্মানিকে স্বস্তি দেন ম্যানুয়েল নয়ার। এর ৩ মিনিট পর সুযোগ এসেছিল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে যাওয়া জার্মানিরও। লিও গোরেৎজকা স্পেনের ডিফেন্সের বুক চিরে মাঝখান দিয়ে বল নিয়ে এগিয়ে যান।

ন্যাব্রিকে লক্ষ্য করেন গোরেৎজকা। ন্যাব্রি বক্সে প্রবেশ করেন এবং সাইমনকে টপকে বলটি গোলে ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু শটটি ব্লক করে স্প্যানিশ কিপার। তবে রেফারি অফসাইডের জন্য বাঁশি বাজান। ২৬তম মিনিটে জার্মান গোলরক্ষকের ভুলে বড় বিপদে পড়তে বসেছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কিন্তু তোরেসের দুর্বল শটে রক্ষা পায় জার্মানি। 

ম্যাচের ৩৯তম মিনিটে সেট পিস থেকে গোল করেছিলেন জার্মানি ডিফেন্ডার রুডিগার। যদিও জার্মান শিবিরে স্বস্তি এল না। ভিএআরে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। এতে গ্রুপের হাইভোল্টেজ এ ম্যাচের প্রথমার্ধ থেকে যায় গোলশূন্য।

অবশেষে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গেলের দেখা পায় স্পেন। জার্মানির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আলভারো মোরাতা। বাঁ দিকে বল পেয়েছিলেন জর্ডি আলবা। তার ক্রস থেকে চলতি বলে পা ঠেকিয়ে গোল করলেন বদলি হিসাবে নামা আলভারো মোরাতা।

গোল শোধে শেষের দিকে মরিয়া হয়ে আক্রমণ চালায় জার্মানি। তার ফলও মেলে হাতেনাতে। ৮৩ মিনিটে সমতা ফেরায় জার্মানি। একার কৃতিত্বে স্পেনের ডিফেন্সকে বোকা বানিয়ে বক্সের ভিতরে ঢুকে পড়লেন মুসিয়ালা। তার থেকে বল পেয়ে গোল করেন ফুলক্রুগ।

শেষদিকে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর গোলের দেখা পায়নি কোনও দল। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে স্পেন ও জার্মানিকে।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে স্পেন। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জাপান। তৃতীয় অবস্থানে থাকা কোস্টারিকার পয়েন্টও তিন। আর এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জার্মানি।


আরও খবর