
ফের আলোচনায় উরফি
জাভেদ। এমনিতেই খোলামেলা এবং অদ্ভুত পোশাক পরে নিয়মিত খবরের শিরোনামে থাকতে ভালবাসেন
‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি। বিভিন্ন সময়ে তাঁর পোশাক
এবং মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এই কারণে নেটমাধ্যমে তিনি অনেক বার কটাক্ষেরও
শিকার হয়েছেন। এ বার বলিউডের এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে তাঁর যৌন হেনস্থার অভিযোগে
শোরগোল নেটমাধ্যমে।
সোমবার ইনস্টাগ্রামে
উরফি নিজের স্টোরিতে তাঁর সঙ্গে বলিউডের ওবেদ আফ্রিদি নামের এক কাস্টিং ডিরেক্টরের
কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট দেন। একটি স্ক্রিনশটে দেখা যায়, তিনি উরফিকে একটি গানের
ভিডিয়োতে কাজের সুযোগ দেওয়ার বিনিময়ে ‘কম্প্রোমাইজ়’ করতে বলছেন। ওবেদের কীর্তি ফাঁস করার
হুমকি দিলে তিনি উরফিকে বলেন, কেউ অভিনেত্রীকে পাত্তা দেবে না।
এখানেই শেষ নয়,
উরফি জাভেদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওবেদ আফ্রিদির বিরুদ্ধে ভিডিয়ো মিটিংয়ের নাম
করে তরুণ অভিনেত্রীদের সামনে হস্তমৈথুন করারও অভিযোগ তোলেন। উরফির লেখেন, ‘আমি টাকার জন্য
পরিশ্রম করি, তাই পারিশ্রমিক চাওয়া অন্যায় নয়, কিন্তু যৌন হেনস্থা অপরাধ।’ নেটমাধ্যমে এই অভিযোগের পরেই উরফির পাশে
দাঁড়ান বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মা। তিনিও ওবেদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কিছু স্ক্রিনশট
নেটমাধ্যমে দেন। পাশে দাঁড়ানোর জন্য প্রিয়ঙ্ককে ধন্যবাদ জানান উরফি।

