
দেশজুড়ে জ্বালানি তেলের মৃল্য বৃদ্ধিতে
সরকারি সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা
হয়েছে।
এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি
নিয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল
হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। এর আগে গত ৫ আগস্ট রাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
পরে গত ৮ আগস্ট জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির
সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট
শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিট আবেদনে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ও উপ সচিব এবং বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়।

