
রাজধানীর শ্যামপুরের জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়েছে।
দগ্ধরা হলেন- মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)।
দগ্ধ জুম্মন জানান, তারা তিতাসের শ্রমিক। রাতে জুরাইন শিশু কবরস্থানের পিছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলেন। সেই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলেন। এমন সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৫ জনই কমবেশি দগ্ধ হন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মধ্যরাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি তিন জনকে অবজারভেশনে রাখা হয়েছে।

