Logo
শিরোনাম

জুলহাজ-তনয় হত্যা মামলার রায় ৩১ আগস্ট

প্রকাশিত:সোমবার ২৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
আসামিদের মধ্যে প্রথম চারজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি চারজন কারাগারে আছেন

ব্লগার জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আট সদস্যের বিরুদ্ধে আগামী ৩১ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার সন্ত্রাস বিরোধ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম ছারোয়ার খান জাকির যুক্ততর্ক উপস্থাপন করেন। আর আসামিদের পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম ও খায়রুল ইসলাম লিটন যুক্তিতর্ক উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি, আদালত তাদের সর্বোচ্চ সাজা দেবেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই তারা খালাস পাবেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া (চাকরিচ্যুত মেজর), আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনাইদ আহমদ ওরফে মওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে জুনায়েদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ।

আসামিদের মধ্যে প্রথম চারজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি চারজন কারাগারে আছেন।

২০১৯ সালের ২৩ জুলাই পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর মুহাম্মদ ইমরুল ইসলাম এই মামলায় জিয়াসহ আনসার আল ইসলামের আট সদস্যের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে গত বছরের ১৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেন।

নিহত জুলহাজ বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। নিহত তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটারে জড়িত ছিলেন।


আরও খবর