Logo
শিরোনাম

জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া একজন গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৩৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার আদালতের সামনে থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)। গ্রেফতার রাফি এ ঘটনায় করা মামলার আসামি।

বুধবার (২৩ নভেম্বর) বিকালে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম তাকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মো. ফারুক হোসেন।

তিনি বলেন, মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তার বাড়ি সিলেট। ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যার মিশনেও অংশ নিয়েছিলেন তিনি।

গত ২০ নভেম্বর দুপুর ১২টার দিকে দুই জঙ্গিকে একটি মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের চোখে-মুখে স্প্রে করে জঙ্গি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেওয়া হয়। এই দুই জঙ্গি দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।


আরও খবর