
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য মোঃ কামাল হোসেন নিজের জীবন নিয়ে শঙ্কায় আছে তার নিজ জেলা চাঁদপুরে। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছে এই আইনজীবী সহ তার আরো অনেক সহকর্মী।
আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দাড়িয়ে সন্ত্রাসীদের বিচার চেয়ে মানববন্ধন করেন। সেখানে তিনি বলেন, নিজে একজন আইনজীবী হয়েও আইনের কোনো সহায়তা পেলাম না! তাই নিজেকে অনেকটাই অসহায় মনে হচ্ছে।
নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রথমে চাঁদপুর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছিলেন কামাল হোসেন। র্দীঘদিন ধরে বিষয়টির কোনো সুরাহা করেনি চাঁদপুর জেলা পুলিশ। সর্বশেষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইজিপি বরাবর নিজের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন। নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে যাদের কথা বলছেন, তাদের মধ্যে সন্ত্রাসী ফাহাদ, ফিরোজ, টুটুল, হাবিব, হান্নান, মজিদ সহ আরো বেশকয়েক জনের নামও রয়েছে। অ্যাডভোকেট কামাল হোসেন উল্লেখ করেন, তাকেও ফেনীর কলেজছাত্রী নুসরাত জাহান রাফির মতো আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকি দিয়েছে।
কামাল হোসেন ডব্লিউজিকে বলেন, স্ত্রী-সন্তানসহ নিজের প্রাণনাশের আশঙ্কা নিয়ে আতঙ্কে দিন পার করছি। জেলা পুলিশ সুপার ও সিনিয়র কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সাহায্য পাচ্ছি না। শেষমেশ আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে আমরা রক্ষা পাওয়ার আকুতি জানাই।

