
ইউক্রেনে চলমান
রুশ সামরিক অভিযান বন্ধ করতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ছয়টি গুরুত্বপূর্ণ
প্রস্তাব দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট দুমা। পার্লামেন্টের ডেপুটি স্পিকার মিখাইল শিরিমিত
রবিবার ক্রিমিয়া উপত্যকা সফরে গিয়ে জেলেনস্কিকে ছয়টি গুরত্বপূর্ণ শর্ত মানার প্রেক্ষিতে
অভিযান থামানোর প্রতিশ্রুতি দেন।
মিখাইল শিরিমিত
বলেন, জেলেনস্কি যদি সত্যিই এখনও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন তবে তাকে নব্য
নাৎসিবাদীদের নিরস্ত্র করতে হবে, ইউক্রেনকে অস্ত্র সমর্পণ করতে হবে, দেশটির সংবিধানে
নিরপেক্ষ নীতি গ্রহণ করতে হবে যাতে কোনো আন্তর্জাতিক ব্লকে যোগ দেয়া না যায়, ইউক্রেনের
বেশিরভাগ মানুষের মাতৃভাষা অর্থাৎ রুশ ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে,
ক্রিমিয়া উপত্যকাকে রাশিয়ার অংশ হিসেবে এবং লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের স্বাধীনতা মেনে
নিতে হবে।
শিরিমিত স্পষ্ট
জানিয়ে দেন ইউক্রেনকে রাশিয়া ও এর নাগরিকদের নিরাপত্তা বিপন্নকারী দেশে পরিণতি হতে
দেবে না মস্কো।
রাশিয়া এর আগে
ঘোষণা করেছে, ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান দেশটির বিরুদ্ধে কোনো যুদ্ধ নয় বরং
বিশ্বব্যাপী একটি বড় ধরনের যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে। তবে
পশ্চিমা দেশগুলো এ সামরিক অভিযানকে ‘ইউক্রেনে রুশ
আগ্রাসন’ হিসেবে অভিহিত করে মস্কোর বিরুদ্ধে
কঠোর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করেছে।

