Logo
শিরোনাম

ইউক্রেনের স্লোভিয়ানস্কের মার্কেটে হামলা, নিহত ২

প্রকাশিত:বুধবার ০৬ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের একটি মার্কেটে হামলা চালিয়েছে। এ ঘটনায় দুই জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার পর সেখানে আগুন ধরে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্কের আঞ্চলিক প্রধান পাভলো কিরিলেঙ্কো এই হামলাকে একটি নির্ভেজাল সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অ্যাখ্যা দিয়েছেন।

স্লোভিয়ানস্ক শহরের মেয়র ভাদিম লিয়াখ বলেছেন, কাছাকাছি অবস্থান থেকে শহরে কামানের গোলা দিয়ে আঘাত করছে রুশ সেনারা। কারণ (লিসিচানস্কের পতনের পর) এই শহরটি যুদ্ধের ফ্রন্টলাইন হয়ে উঠেছে।

মঙ্গলবারের এই হামলার পর অগ্নিকাণ্ডের ছবি ফেসবুকে পোস্টের পর তিনি ব্যাপক গোলাগুলির কথা উল্লেখ করে লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে গত রোববার স্লোভিয়ানস্ক শহরে রুশ সামরিক বাহিনীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। সেই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। সপ্তাহান্তে চালানো সেই হামলার দুদিনের মাথায় শহরটিতে ফের রুশ হামলা ও হতাহতের ঘটনা ঘটল।

বিবিসি বলছে, রাশিয়া মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা ডনবাস দখল করতে চাইছে। এই ভূখণ্ডটি লুহানস্ক এবং দোনেতস্ক নামে দুটি অঞ্চল নিয়ে গঠিত। সেখানে রুশপন্থি দুটি বিদ্রোহী গোষ্ঠী স্ব-ঘোষিত রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


আরও খবর