Logo
শিরোনাম

ইসি গঠনে আইন প্রণয়নে আপাতত হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

প্রকাশিত:সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের আগ পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে আপাতত কোনো হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার এ বিষয়ে (ইসি গঠন) আন্তরিক। তাই এ বিষয়ে আপাতত কোনো হস্তক্ষেপ করবো না। দেখা যাক, সরকার কী পদক্ষেপ গ্রহণ করেন।

এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিতে রোববার (১২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব মন্তব্য করেন। একই সঙ্গে আদালত রিটের ওপর শুনানির জন্যে আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন।

আদালতে এদিন রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার সাংবাদিকদের বলেন, আজ আদালতে রিটের ওপর শুনানি হয়েছে। শুনানি নিয়ে আদালত কিছু কথা বলেছেন।’

ইসি গঠনে আইন প্রণয়ন এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণের নির্দেশনা চেয়ে গত সপ্তাহে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস।

এর আগে গত ১৯ নভেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, সরকার ইসি গঠনে আইন প্রণয়নে আন্তরিক। তবে তাড়াহুড়ো করা ঠিক হবে না।’ এরপর সুশাসনের জন্য নাগরিক (সুজন) ইসি গঠনে আইন প্রণয়নে একটি খসড়া আইনমন্ত্রীকে দেয়।

২০১৭ সালের ৩০ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়।

হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।

জানতে চাইলে রিট আবেদনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, ওই রুলের শুনানি এখনো শেষ হয়নি। এখনো ওই রুলটি পেন্ডিং আছে।’

নিউজ ট্যাগ: নির্বাচন কমিশন

আরও খবর