Logo
শিরোনাম

ইমরান ও তার দলের এমপিদের গণপদত্যাগ

প্রকাশিত:সোমবার ১১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি শুরু হওয়ার কয়েক মিনিট আগে অনাস্থা ভোটে হেরে যাওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পদত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার দলটির পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে পার্লামেন্ট হাউসে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব ফাররুখ হাবিব এক টুইটে বলেছেন, আমদানি করা সরকারের বিরুদ্ধে পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় দল। অর্থাৎ দলটির সব এমপি একসঙ্গে পদত্যাগ করছেন।

এই ঘোষণার পরপরই মুরাদ সাঈদ নামে একজন এমপি জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন। ডনের খবরে বলা হয়েছে, জাতীয় পরিষদ থেকে পিটিআইয়ের এটিই প্রথম পদত্যাগ।

পদত্যাগপত্র দিয়েই ডন নিউজ টিভির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি দলের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এ পদক্ষেপ নিয়েছি। এসময় সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনিও দাবি করেন, বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, এই জাতীয় পরিষদে বসে থাকা এই চক্রান্তের অংশ হওয়ার মতো হবে। এসময় তিনি প্রশ্ন তোলেন, বিদেশি শক্তির কি পাকিস্তানে সরকার গঠন বা ভাঙার অধিকার থাকা উচিত?

সাঈদ প্রধানমন্ত্রী পদে বিরোধী দলের প্রার্থী শাহবাজ শরিফের বিরুদ্ধেও অভিযোগ তুলেন। তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং আছেন বলে মন্তব্য করেন তিনি।


আরও খবর