
সকালের সেশনটা নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার।
ছন্নছাড়া বোলিংয়ে ওই সেশনে হতাশাই জুটেছে টাইগার বোলারদের ভাগ্যে। মাঝের সেশন থেকে
আবার ঘুরে দাঁড়ানোর শুরু। আর শেষ সেশনটা তো উল্টো ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশ দলের বোলাররা।
বিশেষ করে তাইজুল ইসলাম। শেষ দুই সেশনে তিনটি বড় উইকেট শিকার করেছেন তিনি। আর শেষ বিকেলে
পথের কাঁটা হয়ে থাকা টেম্বা বাভুমাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন খালেদ আহমেদ।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শুক্রবার
(৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথে টস জিতে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। দিন শেষে তারা
৫ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে।
এ পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি
উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, বাকি দুটি পেয়েছেন খালেদ হোসেন।
সারিল ইরউইকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম
ভাঙন ধরান পেসার খালেদ হোসেন। তবে তারপর সাফল্য পেতে রীতিমতো মুমিনুল বাহিনীর ঘাম ঝরেছে।
তবে ভয়ংকর হয়ে ওঠা ডিন এলগারকে ৭০ রানে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান তাইজুল। কিগান
পিটারসনকেও ৬৪ রানে ফিরিয়েছেন সব সময় পাদপ্রদীপের আলোর আড়ালে থাকা এই বোলার। নিজের
তৃতীয় শিকার হিসেবে রায়ান রিকেলটনকেও ফিরেয়েছেন তাইজুল।
অন্যদিকে টেম্বা বাভুমাকে ফিরিয়ে নিজের
দ্বিতীয় শিকার সেরে নিয়েছে খালেদও। সবমিলিয়ে খালেদ-তাইজুল নৈপুণ্য দিন শেষে বাংলাদেশকে
কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতায় রেখেছে।

