Logo
শিরোনাম

হেফাজতের ডাকা হরতালে বন্দরনগর চট্টগ্রামেও কোন সাড়া নেই

প্রকাশিত:রবিবার ২৮ মার্চ ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে বন্দরনগর চট্টগ্রামে রোববার (২৮ মার্চ) সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় দেখা যায়নি হরতাল আহ্বানকারীদের।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

সকালে নগরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল করলেও সংখ্যায় ছিল কম। দূরপাল্লার যাত্রীদের বাস কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া হাটহাজারী এলাকায় কওমী মাদরাসার ছাত্ররা রেললাইনের স্লিপার তুলে ফেলায় নাজিরহাট-দোহাজারী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়বে না। গাড়ি স্বাভাবিক নিয়মেই চলবে।

পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী সব ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে চলাচল করছে। কর্মকর্তারা জানান, সহিংসতার কারণে সিডিউল বিপর্যয় হয়েছে। সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে ধীরগতিতে ট্রেন চালাতে হচ্ছে। 

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নিরাপত্তা নিশ্চিত হয়েই এখন ট্রেন চালাতে হচ্ছে। হরতালেও ট্রেন চলবে। রাতের ট্রেনগুলো ছাড়ার আগে একটি ইঞ্জিন দিয়ে সামনের পথ পরিদর্শন করা হবে। ইমারজেন্সি সেল থেকে নির্দেশনা পেলেই ট্রেন চালানো হচ্ছে।  


আরও খবর