Logo
শিরোনাম

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা শাবনূর

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৩২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকাই ছবির সর্বকালের অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। সিনেমা পাড়ায় একটা কথা প্রচলিত আছে, দর্শক শুধু তাকে দেখার জন্যই সিনেমা হলে যেতেন। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান।

দীর্ঘদিন ধরেই সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি সময় থাকেন না। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।

তবে শাবনূর ভক্তদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। এই অভিনেত্রীর শারীরিক অবস্থা ভালো নেই। বর্তমানে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বুধবার (২৯ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোন ঝুমুর।

তিনি জানান, গত সপ্তাহ থেকে জ্বর ছিল। এরপর তার করোনা টেস্ট করালে করোনা পজিটিভ আসে। বাসায় আইসোলেটেড ছিল। কিন্তু হঠাৎ করেই আজ একটু সমস্যাবোধ করলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে ভর্তি হন।

এদিকে গত ১৪ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। সেই উপলক্ষে তার দেশে ফেরার কথা থাকলেও কোনো কারণে তিনি আসতে পারেননি। তবে জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন এই অভিনেত্রী। তার চ্যানেলের নাম 'শাবনূর ইনাইয়া ড্রামা'।

মূলত ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন শাবনূর। ফেসবুকে চালু করেছেন পেজ। মাস চারেক আগে প্রথমবার ইউটিউব চ্যানেল খুলেছিলেন তিনি। কিন্তু কয়েকদিন পরই সেটা হ্যাক হয়ে যায়। অনেক চেষ্টা করেও চ্যানেলটি উদ্ধার করতে পারেননি। তাই বাধ্য হয়ে নতুন চ্যানেল খুলেছেন। অস্ট্রেলিয়া থেকে এই চ্যানেলের মাধ্যমে ভক্তদের আপডেট জানাবেন শাবনূর।


আরও খবর