
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও বর্তমান ট্রেজারার হাসিবুর রশীদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রেজারার হাসিবুর রশীদ। বুধবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৯ এর ধারা ১০(১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও বর্তমান ট্রেজারার হাসিবুর রশীদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ছয়টি শর্তে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শর্তগুলো হলো- উপাচার্য হিসেবে তার মেয়াদ চার বছর হবে। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ ১৪ জুন ২০২১ থেকে কার্যকর হবে এবং চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

