
হারানো সিংহাসন আবার ফিরে পেলেন সাকিব আল হাসান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে সরিয়ে টি-টোয়েন্টির সংস্করণের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে শীর্ষস্থান হারান সাকিব। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে উজ্জ্বল সাকিব। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ১১ উইকেট তার, গড় ৬.৪৫। ব্যাটে হাতে ১১৮ রান করেছেন। তার পুরস্কারটা তিনি পেলেন এবার হাতেনাতে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট ২০ বেড়ে এখন ২৯৫। দুইয়ে থাকা নবির রেটিং পয়েন্টে কমে ২৮৫ থেকে ২৭৫ এ দাঁড়িয়েছে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলেরও। তিন ধাপ এগিয়ে তিনি আছেন তিনে। তার সাথে যৌথভাবে একই অবস্থানে নামিবিয়ার জেজে স্মিট, তিনি এগিয়েছেন ২৩ ধাপ।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। দুইয়ে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলেন দারুণ ইনিংস। তাতে ৮৩১ রেটিং পয়েন্টে থাকা মালানের সাথে ব্যবধান কমিয়েছেন তিনি, বাবরের পয়েন্ট এখন ৮২০।
