
রাশিয়ার রাজধানী মস্কোর একটি আদালত গত
শুক্রবার (২৪ ডিসেম্বর) গুগল কে প্রায় ১০০ মিলিয়ন ডলার ও ফেসবুককে (মূলত প্যারেন্ট
কোম্পানি মেটাকে) ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে। স্থানীয় আইন দ্বারা নিষিদ্ধ বা ব্যানড
কন্টেন্ট তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলতে ব্যর্থ হওয়ার কারণে এই জরিমানা করা হয়েছে।
এর মাধ্যমে টেক জায়ান্টদের ওপর রাশিয়ার চাপ বাড়ানো অব্যাহত থাকছে।
মস্কোর ট্যাগানস্কাই জেলা আদালত রায় দিয়েছে যে, গুগলকে বারবার ব্যানড কন্টেন্ট রিমুভ করতে নির্দেশ দেওয়া হলেও, তারা তা করতে অবহেলা করেছে! এর ফলশ্রুতিতে গুগলকে প্রায় ৭.২ বিলিয়ন রুবল (রাশিয়ার মুদ্রা) যা ডলারে প্রায় ১০০ মিলিয়ন; প্রশাসনিক জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গুগল জানিয়েছে যে, তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের রায়টি বিবেচনা করবে।
এরপরে, একই আদালত একই ইস্যুতে অর্থাৎ ব্যানড
কন্টেন্ট সরাতে ব্যর্থতার কারণে জনপ্রিয় স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের প্যারেন্ট
কোম্পানি মেটাকে প্রায় ২ বিলিয়ন রুবল যা ডলারে প্রায় ২৭ মিলিয়ন, এই অংকের অর্থ জরিমানা
করেছে।
রাশিয়ান আদালতগুলি এর আগে চলতি বছর- গুগল, ফেসবুক এবং টুইটারকে ছোটো জরিমানা আরোপ করেছিল। কিন্তু এবার, প্রথমবারের মতো কোম্পানিগুলোর রেভেনিউ বিবেচনা করে জরিমানার পরিমাণ নির্ধারণ হয়েছে।

