
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ
নিয়ে আরো অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত ছিলেন আর ৩ জনের
করোনার উপসর্গ ছিল। ১৯ জুলাই সোমবার সকাল ৮টা থেকে আজ ২০ জুলাই মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত
সময়ে এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরো ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে ৩৩.৩৬ শতাংশ হয়েছে।
কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে
রোগীর চাপ অব্যাহত আছে জানিয়ে তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, ২শ’ বেডে করোনা ও
এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২৫৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৮২ জন। বাকিরা
করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭৩
জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধু করোনা
আক্রান্ত ৪৩২ জনের মৃত্যু হলো। আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য
নিশ্চিত করেছে।
এদিকে, ঈদকে সামনে নিয়ে রাজধানী ঢাকা থেকে জেলার মানুষ বাড়িতে আসছেন। শহরের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় বাড়ছে। শহরে ও গ্রামে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

