Logo
শিরোনাম

গরুর মাংসের কেজি ৬৫০ টাকা

প্রকাশিত:রবিবার ০৬ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ১৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম বেড়ে গেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে এখন কোথাও কোথাও গরুর মাংসের কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের এই দামকে অস্বাভাবিক বলছেন খোদ মাংস ব্যবসায়ীরা।

তারা বলছেন, বর্তমানে ব্রয়লার মুরগি ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে গরুর মাংসের কেজি ৬০০ টাকার ওপর হওয়া কিছুতেই স্বাভাবিক ঘটনা নয়। গরুর হাটে অস্বাভাবিক চাঁদাবাজি এবং সংশ্লিষ্টদের নজরদারির অভাবে মাংস এমন অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে।

মাংস ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক দাম বাড়ার কারণে গরুর মাংস বিক্রি অনেক কমে গেছে। বিক্রি কম হওয়ায় অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছেন। গরুর মাংসের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আনতে হাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। একই সঙ্গে চর অঞ্চলে প্রাকৃতিভাবে গরু লালপালনের ব্যবস্থা করতে হবে। এটা করা গেলে ঢাকায় ৩০০ থেকে ৩৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা সম্ভব।

রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা গরুর মাংসের কেজি বিক্রি করছেন ৬২০ থেকে ৬৫০ টাকা। এক সপ্তাহ আগে গরুর মাংস ৫৮০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি করেছেন।

খোলাবাজারের পাশাপাশি গরুর মাংসের দাম বেড়েছে সুপার শপেও। স্বপ্ন সুপার শপে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৬৩০ টাকায়। সাধারণত এই সুপার শপটি সপ্তাহের শুক্র ও শনিবার বিশেষ ছাড় দিয়ে গরুর মাংস বিক্রি করে। কিন্তু সবশেষ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এবং আজ (৫ ফেব্রুয়ারি) এ ছাড় রাখেনি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে স্বপ্নের খিলগাঁও আউটলেটের মোস্তাফিজুর রহমান নামের এক কর্মকর্তা বলেন, আজ (শনিবার) আমরা গরুর মাংসের কেজি ৬৩০ টাকা বিক্রি করছি। গরুর দাম বাড়তি, এ কারণে মাংসের দাম বেশি।

এদিকে রামপুরা বাজারে ৬৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করা আলম নামের এক ব্যবসায়ী বলেন, এখন গরু আনতে অনেক বেশি খরচ পড়ছে। এতো টাকা দিয়ে গরু আনার পর মাংস ৬৫০ টাকা কেজি বিক্রি করলেও তেমন লাভ হচ্ছে না। কোনো রকমে আসল উঠে আসছে। গরুর মাংসের দাম বাড়ার কারণে আমরাও বিপদে আছি। বিক্রি আগের থেকে অনেক কমে গেছে।

বাড্ডায়ও কোনো কোনো ব্যবসায়ীকে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা বিক্রি করতে দেখা গেছে। অবশ্য এ অঞ্চলেও ৬২০ টাকা কেজিতে গরুর মাংস পাওয়া যাচ্ছে। তবে ৬২০ টাকার নিচে কোথাও গরুর মাংসে বিক্রি হতে দেখা যায়নি।

যোগাযোগ করা হলে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, মাংসের ব্যবসা এখন মাফিয়া ডনদের কাছে চলে গেছে। যাদের বাজার তদরকি করার কথা তারা তাদরকি করছেন না। গরুর হাটে অস্বাভাবিক চাঁদাবাজি হচ্ছে। গরুর মাংসের কেজি কিছুতেই ৬৫০ টাকা হওয়া স্বাভাবিক নয়। গরুর মাংস নিয়ে চরম নৈরাজ্য চলছে। প্রকৃত ব্যবসায়ীরা টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন।

তিনি বলেন, হাটে চাঁদাবাজি বন্ধ করা গেলে এবং দেশের চর অঞ্চলে প্রাকৃতিকভাবে গরু পালন করা গেলে ঢাকায়ই মাংসের কেজি ৩০০ টাকা বিক্রি করা সম্ভব। একই সঙ্গে ভারত থেকে গরুর মাংস (ফ্রোজেন) আমদানি বন্ধ করতে হবে। তাহলেই এখন গরুর মাংস নিয়ে যে নৈরাজ্য চলছে তা বন্ধ করা যাবে।

নিউজ ট্যাগ: গরুর মাংস

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪