Logo
শিরোনাম

গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত:রবিবার ২৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ ২০২২- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি রাজারবাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস প্রান্তে যুক্ত ছিলেন।

বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, ২০২১ সালে যখন সুবর্ণজয়ন্তী উদযাপন করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। সেই সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কাজেই উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব।’

এই লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনী যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছেন এবং ভবিষ্যতেও রেখে যাবেন বলে বিশ্বাস করি। কারণ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিববর্তন করাই আমাদের লক্ষ্য বলে অবহিত করেন তিনি।

প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে আমাদের বিজয়। আপনাদের পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সকল আঘাত থেকে রক্ষা করতে হবে।’

’৭৫-এর ১৫ জানুয়ারি রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের ভাষণে জাতির পিতা বলেছিলেন, এই রাজারবাগে যারা শহিদ হয়েছিলেন, তাদের কথা মনে রাখতে হবে। তারা আপনাদেরই ভাই।...তাদের রক্ত যেন বৃথা না যায়।’

সে কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস, জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।’

পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান বাংলাদেশ পুলিশকে শান্তির সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নব উদ্যমে কাজ করতে প্রেরণা জোগাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২৫ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, ৫০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রদান করা হয়েছে বলেও অবহিত করেন প্রধানমন্ত্রী।


আরও খবর