
ঘুষির আঘাতে মারা
গেলেন অস্ট্রেলিয়ার সাবেক সার্ফার ক্রিস ডেভিডসন। উত্তর সিডনিতে একটি পানশালার বাইরে
এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় পুলিশের
বরাতে সংবাদমাধ্যম জানায়, ৪৫ বছর বয়সী এই তারকা মুখে ঘুষির আঘাত পান ও পড়ে যান। যেখানে
রাস্তার পাশে ফুটপাতে তার মাথায় আঘাত লাগে। সেই জায়গাতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া
হয়, তবে হাসপাতালে নিলে দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ডেভিডসনকে আঘাত
ও মেরে ফেলার অভিযোগে ইতোমধ্যে ৪২ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি
মামলাও করা হয়েছে।
সিডনিতে বেড়ে
ওঠা ডেভিডসন ২০১০ ও ২০১১ সালে ওয়ার্ল্ড সার্ফিং ট্যুরে প্রতিযোগিতা করেন। যদিও মাত্র
১৯ বছর বয়সে তিনি পরিচিতি পান। সেবার ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বেলস বিচে রিপ কার্ল প্রোর
টানা দুই হিটে সেসময়কার বিশ্ব চ্যাম্পিয়ন কেলি স্ল্যাটারকে হারান।
এই ঘটনার বিস্তারিত
কিছুই অবশ্য পুলিশ এখনও জানায়নি। তবে ৪২ বছর বয়সী সেই ব্যক্তিকে জামিন দেওয়া হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায় আগামী নভেম্বরে ফের হাজিরা রয়েছে তার।

