Logo
শিরোনাম

ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক জিরু

প্রকাশিত:মঙ্গলবার ০৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বলে জাল খুঁজে নিয়ে এক দৌড় দিলেন অলিভিয়ের জিরু। গত পরশু শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে এই গোলটি যে শুধু ফ্রান্সকে এগিয়ে দেওয়া নয়, এক অনন্য রেকর্ডও। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেমে ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক হওয়া কী সহজ কথা!

এক সময় জাতীয় দলে ব্রাত্য থাকা জিরুই সেই কঠিন কাজটা করে দেখালেন। থিয়েরি অঁরিকে টপকে বসলেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে। ১১৬ ম্যাচে ০.৪৫ গড়ে ৫২ গোল করেছেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। ১২৩ ম্যাচে ০.৪১ গড়ে ৫১ গোল অঁরির। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচে জোড়া গোলে ফরাসি কিংবদন্তি ছুঁয়ে ফেলেছিলেন জিরু। বিশ্বকাপে ইতিমধ্যে ৩ ম্যাচে ৩ গোল করে ফ্রান্সকে শিরোপা জেতানোর পাশাপাশি গোল্ডেন বুটেরও স্বপ্ন দেখছেন জিরু। তবে এই অভিযানে তাঁর বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন ৪ গোল নিয়ে শীর্ষে থাকা তাঁরই সতীর্থ এমবাপ্পে।

ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলে সুযোগ পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে জিরুকে। এই বিশ্বকাপে অবশ্য কোচ দিদিয়ের দেশমের দ্বিতীয় পছন্দের স্ট্রাইকার ছিলেন তিনি। কিন্তু করিম বেনজেমা ছিটকে যাওয়ায় কপাল খুলে জিরুর। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি।


আরও খবর