
ছোটপর্দার জনপ্রিয় মুখ জাহিদ হাসান বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনের ভোটার। যদিও নাটকের ব্যস্ততায় এফডিসিতে তার যাওয়া হয় না সচরাচর। শুক্রবার শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন এ অভিনেতা।
আর জাহিদ হাসান দেখেই এফডিসিরি ৯ নম্বর ফ্লোর থেকে দৌড়ে আসেন চিত্রনায়ক ফেরদৌস। এফডিসিতে ঢোকার সময় জাহিদ হাসানের গাড়ির সামনেই দাঁড়িয়ে পড়েন ফেরদৌস, লম্বা সালাম দিয়ে কথা বলেন সহাস্যে।
গাড়ির গ্লাস খুলে হাসিমুখে ফেরদৌসের সালামের উত্তর দেন জাহিদ হাসান। তখন ফেরদৌস বলেন, জাহিদ ভাই আমার ভালোবাসার মানুষ। ভাইয়ের কাছে আমিও ভালোবাসার মানুষ। ভাই ভোট নয়, জাহিদ ভাই আমাকে ভালোবাসা দেবেন। এটুকু ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার চাওয়া। জয়ী হয়ে জাহিদ ভাইয়ের মতো মানুষদের আমরা সম্মান দিতে চাই। তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।
জবাবে জাহিদ হাসান বলেন, ছোট ভাই, তোমাদের জন্য আমার ভালোবাসা কোনো দিন ফুরাবে না। এ ভালোবাসা চলবে, চলতেই থাকবে।

