
গত ২৪ ঘণ্টায় ফের করোনায় আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। এর আগে ২০ নভেম্বর তার আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হওয়ায় গতকালের (৮ ডিসেম্বর) হিসাব মতো দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাক ৪৩ হাজার ৪৯১ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলে উঠলেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৭২৪টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৯৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৮ লাখ ৪৬ হাজার ৩৭৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ লাখ ১৬ হাজার ৫২৩টি।
গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ২২ শতাংশ এবং এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

