Logo
শিরোনাম

এমবাপ্পের নৈপুণ্যে বড় জয় পেল পিএসজি

প্রকাশিত:রবিবার ১১ এপ্রিল ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৩৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরাসি লিগ ওয়ানে এমবাপ্পের নৈপুণ্যে স্ত্রাসবুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিসিয়ানরা। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে চেলসি। ব্লুদের হয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিক।

সম্প্রতি বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির পথে একধাপ এগিয়ে যায় পিএসজি। সেই জয়ের অনুপ্রেরণা নিয়ে ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুরের মুখোমুখি হয় পচেত্তিনোর দল। লাল কার্ডের নিষেধাজ্ঞা থাকায় মাঠে নামতে পারেননি নেইমার। তবে এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব মোটেই বুঝতে দেননি এমবাপ্পে-কিনরা।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পসরা সাজায় পিএসজি। ১৬ মিনিটে এমবাপ্পের গোলে লিড নেয় অতিথিরা। যেখানে লিগ ওয়ানে ২৭ ম্যাচে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা এ ফরোয়ার্ড।

এরপর ২৭ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন সারাবিয়া। প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের পাসে জালের ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন।

যদিও ৬৩ মিনিটে ব্যবধান কমান স্ত্রাসবুরের সাহি। তবে ৭৯ মিনিটে আবারো ব্যবধান বাড়ায় পিএসজি। ফ্রি কিক থেকে গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেশ। শেষ দিকে ব্যবধান ধরে রেখে দারুণ জয় পায় পিএসজি।


আরও খবর