Logo
শিরোনাম

এক বছরে শিক্ষর্থীর আত্মহত্যা ১শ ছাড়িয়েছে : আঁচল ফাউন্ডেশন

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার পরিমাণ ১শ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

অনার্স পড়ুয়া তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার হার তুলনামূলক বেশি। এসব শিক্ষার্থীর ক্যারিয়ার নিয়ে সামাজিক চাপ বেশি থাকে এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে তাদের মাঝে হতাশার প্রভাব বেশি দেখা যায়।

অনুসন্ধানে আত্মহননের পেছনে পারিবারিক সমস্যা, হতাশা, সম্পর্ক নিয়ে জটিলতা ও আর্থিক সমস্যাসহ বেশ কয়েকটি কারণ ওঠে এসেছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে আঁচল ফাউন্ডেশন। দেশের প্রায় ৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার আত্মহত্যার সংবাদ বিশ্লেষণ করে সংখ্যাটি পেয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি।

সমীক্ষায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেসব কারণে আত্মহত্যা করছে তার অন্যতম কারণ সম্পর্কের অবনতি। আত্মহত্যাকরীদের মধ্যে ২৪ দশমিক ৭৫ শতাংশই বিভিন্ন ধরনের সম্পর্কের অবনতির কারণে করেছেন। এরপর রয়েছে পারিবারিক সমস্যার কারণে, যা ১৯ দশমিক ৮০ শতাংশ।

এছাড়া মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১৫ দশমিক ৮৪ শতাংশ, পড়াশোনা-সংক্রান্ত কারণে ১০ দশমিক ৮৯ শতাংশ, আর্থিক সমস্যায় ৪ দশমিক ৯৫ শতাংশ, মাদকাসক্ত হয়ে ১ দশমিক ৯৮ শতাংশ এবং অন্যান্য কারণে ২১ দশমিক ৭৮ শতাংশ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আঁচল ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে বেড়েছে আত্মহত্যা; হতাশায় নিমজ্জিত শিক্ষার্থীরা শীর্ষক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

শনিবার (২৯ জানুয়ারি) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পরিচালক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, জনপ্রিয় টিভি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এবং আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ।

প্রায় অর্ধশতাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকা থেকে সমন্বয় করা আত্মহত্যার ঘটনা নিয়ে আঁচল ফাউন্ডেশনের বিশ্লেষণে এবার উঠে এসেছে বেশ কিছু ভয়াবহ তথ্য। জরিপের তথ্যমতে, এক বছরে এত বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা এবারই প্রথম।

আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, অনিশ্চিত ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে না পারা আত্মহত্যা বেড়ে যাওয়ার পেছনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে।

তিনি বলেন, আত্মহত্যার কারণগুলো বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে, সমস্যা তার চেয়েও গভীর। নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনীয় শিক্ষার সুযোগ অপর্যাপ্ত বিধায়, তাদের জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটলে তারা সেটা সামলাতে পারেন না। প্রেমে বিচ্ছেদ হলে তারা যেমন ভেঙে পড়ে, তেমনি পরীক্ষায় খারাপ ফলাফলও তাদেরকে আশাহত করে।


আরও খবর