Logo
শিরোনাম

এই দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না : হানিফ

প্রকাশিত:রবিবার ০৩ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে শনিবার (২ অক্টোবর) দুপুরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে এ রায় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না। যারা দেশের সর্বোচ্চ আদালতের রায় অবমাননা করে মনগড়া সরকার দেখতে চায়, সেটা আর হবে না।

হানিফ বলেন, ফখরুল ইসলাম আলমগীর বর্তমান একটি কথা বলছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে না। কিন্তু আমি বলতে চাই, এই কথাটি ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়াও একাধিক জনসভায় বলেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া ৩০-এর নিচে আসন পেয়েছিল। তারা দেশের জন্য বা জনগণের জন্য এমন কোনো কাজ করেনি যে, জনগণ তাদের ওপর আস্থাশীল হবে বরং তাদের প্রতিটি কুকর্ম, সন্ত্রাস-নাশকতা, দুর্নীতি ও পেট্রোল বোমায় মানুষ হত্যার কারণে তারা জনগণ থেকে এতটাই দূরে সরে গেছে যে, আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করুক এবং তাদের পছন্দের দলকে নির্বাচিত করুক। এটাই আমাদের প্রত্যাশা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও আলহাজ আবু নঈম পাটোয়ারী দুলালের সঞ্চালনায় আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ জেলা আওয়ামী লীগ নেতারা।


আরও খবর