
পবিত্র ঈদুল
আজহার ছুটিতেও রাজধানীর দুই সিটি করপোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা
খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এসব শাখায় সান্ধ্য ব্যাংকিং
কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে
এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।
মঙ্গলবার (৫
জুলাই) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়,
আসন্ন ঈদুল আজহার আগে ৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক
ব্যাংকিং কার্যক্রম এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম
চলবে। এছাড়া এর পরের দুই দিন ৮ ও ৯ জুলাই (শুক্র ও শনিবার) কোরবানির হাটের নিকটবর্তী
ব্যাংক শাখা খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম
পরিচালনা করতে হবে।
প্রয়োজনীয়
নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায়
সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়। পাশাপাশি সংশ্লিষ্ট
শাখা, উপ-শাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের
বিধি মোতাবেক ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

