
দুই দফায় ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল
গান্ধীকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
তাতেও জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। আজ মঙ্গলবার আবারও তাকে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের
সঙ্গে সম্পর্কিত অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এ খবর দিয়েছে
এনডিটিভি।
এমনিতেই ভারতে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিক্ষোভ চলছে। কংগ্রেসের তরফ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে। এরইমধ্যে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় দিল্লিতে ইডির সদর দপ্তরে পৌঁছান রাহুল। সেসময় আসেপাশের এলাকায় হুলুস্থুলু কা- বেঁধে যায়। তাকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সেখান থেকে শ্রী গঙ্গারাম হাসপাতালে মা সোনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল। সেসময় তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লির ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন সোনিয়া গান্ধী।
মা’কে দেখে আবারও
ইডি কার্যালয়ে ফেরেন রাহুল গান্ধী। সেখানে দ্বিতীয় পর্যায়ের জিজ্ঞাসাবাদ শুরু হয় বিকেল
চারটার দিকে। তখন আবার একটানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। এসময় রাজধানী দিল্লিতে কেন্দ্রীয়
সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে
রাখতে দিল্লি পুলিশের তরফে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তবে ১৪৪ অমান্য করে কংগ্রেস বিক্ষোভ
প্রদর্শন করলে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।
কংগ্রেসের দাবি, রাজস্থানের মুখ্যমন্ত্রী
অশোক গেহলট, হরিশ রাওয়াত, রণদীপ সিং সুরজেওয়ালা, অধীর চৌধুরী, সচিন পাইলট, মল্লিকার্জুন
খাড়গে, কেসি বেণুগোপাল-সহ তাবড় কংগ্রেস নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ। এছাড়া শীর্ষ
নেতাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ এনেছে রাহুলের দল।

