
পরীক্ষায় উত্তীর্ণ
হয়েও ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না সাড়ে ১২ লাখ গাড়িচালক। এমন অবস্থায় আগামী অক্টোবরে
ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ছাপার কাজ শুরু করবে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ
মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। ছাপার দিন থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটি
১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করবে।
এ বিষয়ে বাংলাদেশ
রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
শীতাংশু শেখর বিশ্বাস বলেন, আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স ছাপানোর জন্য
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী ছয়
মাসের মধ্যে এসব কার্ড ছাপা শেষ হবে। গত ২৯ আগস্ট সেনাবাহিনীর সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত
হয়েছে।
আগামী বছরের মার্চের
মধ্যে সাড়ে ১২ লাখ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর কাজ হাতে নিয়েছে বিআরটিএ। একই
সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটি সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স বিতরণও করতে
চায়।
বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক মাহবুব
ই রব্বানী বলেন, ১৫ থেকে ২০ দিন পর স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের কার্ড ছাপার কাজ শুরু
হচ্ছে। এজন্য বিএমটিএফ’র সঙ্গে চুক্তি
হয়েছে। পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পেন্ডিং সব ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করা সম্ভব হবে।

