
চট্টগ্রাম নগরের কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরে বাড়তি লাভের আশায় দোকানের মধ্যেই সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে রাখা হয়েছিল ১ হাজার ৫০ লিটার তেল।
রোববার বিকেলে প্রতিষ্ঠানটিতে গিয়ে অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য রাখা এসব তেল জব্দ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি টিম। এভাবে তেল মজুত করার দৃশ্য দেখতে পান কর্মকর্তারা।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও নাসরিন আক্তার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, তেলগুলো দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় করা একটি গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানের সময় এগুলো বের করে আনা হয়।
ফয়েজ উল্যাহ বলেন, বাজারে কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে বেশি মুনাফা আদায়ের উদ্দেশ্যে তেলের বোতলগুলো ঈদের আগেই মজুদ করা হয়েছিল। দোকানটিতে বেশকিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা তেলগুলো আমাদের উপস্থিতিতেই খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন ওই ব্যবসায়ী।

