Logo
শিরোনাম

দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় এখন শুধুই সময়ের অপেক্ষা

প্রকাশিত:শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এশিয়ার বাইরে টেস্টে তৃতীয় সেঞ্চুরি ঋষভ পন্থের। তাও আবার দলের বাকিরা যখন সবাই মিলে স্কোরবোর্ডে ৯৮ রান তুলেছেন, তখন একাই শতরান হাঁকিয়েছেন তিনি। অর্থাৎ তার একার রান বাকিদের মিলিত উদ্যোগের চেয়ে বেশি। এমন অবস্থায় নিজের পারফরম্যান্স নিয়ে তৃপ্ত হওয়া কিংবা গর্ব করা গেলেও দলকে রক্ষা করা হয়তো সম্ভব হয় না।

কেপটাউনে দিনের শেষ ছবিটা যেন সে কথাই বলছে। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ১০০ রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। আর তাতেই যেন আরও উজ্জ্বল হয়ে উঠল প্রোটিয়াদের তৃতীয় টেস্ট তথা সিরিজ জয়ের স্বপ্ন। মারক্রামকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানো গেলেও ক্রিজে জাঁকিয়ে বসেন অধিনায়ক এলগার এবং পিটারসেন। পাঁচ দিনের ফরম্যাটে দারুণ ছন্দে ধরা দিচ্ছেন পিটারসেন। আর তৃতীয় দিনের শেষে ৪৮ রান করে অপরাজিত রইলেন তিনি।

প্রোটিয়ারা একশোর গণ্ডি পার করার পর এলগারকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। জয়ের জন্য আর মাত্র ১১১ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। হাতে দুইটি দিন এবং আটটা উইকেট। ফলে দুই টেস্ট জিতে সিরিজ পকেটে ভরা যেন হোম ফেভারিটদের কাছে শুধুই সময়ের অপেক্ষা। তবে বাইশ গজের লড়াইতে কোনও ভবিষ্যদ্বাণী সেভাবে খাটে না। বুমারহ-শামি-অশ্বিনরা যদি অঘটন ঘটাতে পারেন, তবে কে বলতে পারে, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ কোহলিই দেবেন ভারতবাসীকে। কিন্তু সে গুড়ে বালি দেওয়ার জন্য বদ্ধপরিকর এগলারের সৈনিকরা।

ভারত: ২২৩/১০ (কোহলি-৭৯) ও ১৯৮/১০ (পন্থ-১০০*)

দক্ষিণ আফ্রিকা: ২১০/১০ (পিটারসেন- ৭২, বুমরাহ-৪২/৫) ও ১০১/২ (পিটারসেন-৪৮*) 


আরও খবর