Logo
শিরোনাম

‘দক্ষ জনশক্তি বাড়াতে এমআইএসটিতে আসন বাড়ানো প্রয়োজন’

প্রকাশিত:শুক্রবার ০১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) দেশের মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর শিক্ষা গ্রহণ করে দেশে-বিদেশে ছেলে-মেয়েরা সুনামের সাথে দায়িত্ব পালন করছে। আমাদের দেশে এখনও দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। বিদেশ থেকে অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করে জনশক্তি এনে সে ঘাটতি পূরণ করতে হচ্ছে। এই প্রতিষ্ঠানের আসন সংখ্যা বাড়ানো সম্ভব হলে দেশে বেশি দক্ষ জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত দুই দিনব্যাপী এমআইএসটি জব ফেয়ার-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এবং মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তিনি দেশের জন্য জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর আহ্বানে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমি অনেক ভাগ্যবান বাবার সাথে একসঙ্গে যুদ্ধ করেছি। বাংলাদেশকে একটি ব্যার্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি গোষ্ঠী এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। সেদিন তারা জয় বাংলা শ্লোগানকে রাতারাতি বদলীয়ে বাংলাদেশ জিন্দাবাদ করেছিল। কিন্তু তাদের সে অপচেষ্টা সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।

টিপু মুনশি বলেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর মতো শিক্ষা প্রতিষ্ঠান দেশে বেশি প্রয়োজন। এখানে কোনো সেশনজট নেই। কোভিড-১৯ পরিস্থিতিতেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। চার বছরেই গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কাজে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে। এখানে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা এবং মানবিক গুণাবলির শিক্ষা প্রদান করা হয়। যা একজন মানুষের জীবনে খুবই প্রয়োজন।

এমআইএসটি জব ফেয়ার-২০২২ বৃহস্পতিবার শুরু হয়েছে, চলবে শুক্রবার পর্যন্ত। এমআইএসটির মোট ১২ বিভাগের সাথে সমন্বয় করে দেশের খ্যাতিমান ৯০টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আরও খবর