
দিনাজপুর এম আব্দুর
রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকের চাপায় শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছে আরও একজন। আজ শনিবার ভোর সাড়ে চারটায় এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য
নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
নিহতরা হলেন-
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগর হোসেন (৩৫)
ও খানপুর খান পাড়ার মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
আহত মকবুল আলী (৪০) রাজিবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান,
আজ শনিবার ভোরে গাইবান্ধা থেকে তিনজন ব্যক্তি আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য ওই হাসপাতালের
সামনে অটোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ফুলবাড়ী থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত
হন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত আলী দুলাভাই, নিহত আজগার ও আহত মকবুল সম্পর্কে শ্যালক হন। ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাক পুলিশের হেফাজতে থানায় নিয়ে আসা হয়েছে।

