Logo
শিরোনাম

ডিআইজি মিজানের সম্পদের মামলায় আরও দু’জনের সাক্ষ্য

প্রকাশিত:রবিবার ০৩ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। তারা হলেন- দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী ও ডেপুটি কর কমিশনার আয়েশা সিদ্দিকী।

রবিবার (৩ জানুয়ারি) ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন তারা। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে অভিযুক্ত ৩৩ সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

এ মামলার আসামিরা হলেন- ডিআইজি মিজানুর রহমান, মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। এরমধ্যে মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক। কারাগারে থাকা ডিআইজি মিজান ও তার ভাগ্নে মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়। 

২০১৯ সালের ২৪ জুন তিন কোটি সাত লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১ জুলাই শাহবাগ থানা পুলিশ মিজানকে গ্রেফতার করে। পরদিন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাকে হাজির করা হয়। এরপর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। 

ওই মামলার বর্ণিত সম্পদের বিষয়ে অনুসন্ধানকালে দুদক কর্মকর্তা এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজে গণমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন ডিআইজি মিজান। পরে ঘুষ লেনদেনের বিষয়েও মামলা হয়। সেই মামলাটি বিচারের জন্য চার নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে।


আরও খবর