
কোপা আমেরিকার ফাইনালে শুরুতেই এগিয়ে গেলো আর্জেন্টিনা। ম্যাচের ২১ মিনিটের মাথায় দুর্দান্ত এক চিপ শটে ব্রাজিল গোলরক্ষক এডারসনকে পরাস্ত করে নিজ দলকে এগিয়ে দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার গোলে এগিয়ে গিয়েছে আলবিসেলেস্তারা। আজ রোববার সকালে ৬টায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
শুরু সমান তালে খেলতে থাকে উভয়ই। ১৩তম মিনিটের মাথায় দারুণ এক আক্রমণ সাজায় ব্রাজিল। তবে আর্জেন্টিনার ডিফেন্ডারদের বাধা শট নিতে ব্যর্থ হন নেইমার-রিচার্লিসনরা। ২১তম মিনিটে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ডি মারিয়া। তার দুর্দান্ত গোলে ১৫ বছর পর বড় কোনো আসরের ফাইনালে গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা।
ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা সবশেষ গোলের দেখা পেয়েছিলো কনফেডারেশন্স কাপে ব্রাজিলের বিপক্ষে। তাও আবার ১৬ বছর আগে। সেবার ব্রাজিল তাদের ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দেয়। এরপর কোপার দুই আসর ও বিশ্বকাপের ফাইনালে উঠলেও গোলের দেখা পায়নি মেসি-আগুয়েরোরা।

