
বাংলাদেশ থেকে
হজে যেতে ইচ্ছুক যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখন ঢাকা থেকেই সম্পন্ন করা যাবে বলে
আশ্বস্ত করেছেন সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল-দাউদ। রোববার (১৩ নভেম্বর)
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়
জানায়, ঢাকা সফররত সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায়
সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন।
বৈঠকে জানানো
হয়, বাংলাদেশের সঙ্গে সৌদির চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি সরকার
প্রথম দেশ হিসেবে রুট-টু-মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকার ও জনগণ বাংলাদেশে স্বাগত জানাতে অধীর
আগ্রহে অপেক্ষা করছে বলে উপস্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার
জন্য সৌদি বাদশাহ, সৌদি যুবরাজ এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জানান।
সৌদি আরবের যুবরাজ
ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকার ও জনগণ বাংলাদেশে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা
করছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এ ছাড়া
তিনি ঢাকা সফরের জন্য সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান।

