Logo
শিরোনাম

ঢাকা মাতালেন এ আর রহমান, গেয়েছেন বাংলা গানও

প্রকাশিত:বুধবার ৩০ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ জুন ২০২৩ | ৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন ভারতীয় সুরসম্রাট ও অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। যে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটযুদ্ধে নেমে পড়েন খেলোয়াড়রা, সেই মাঠে গতকাল উঠল সুরের ঝংকার। একের পর এক বিখ্যাত গান গেয়ে মাত করে দেন ভারতীয় এই সংগীত কিংবদন্তি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে উপস্থিত হয়ে উপভোগ করেন এ আর রহমানের গান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর সহধর্মিণী আফরোজা বেগম এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও তাঁর সহধর্মিণী সাবরিনা সোবহানও উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেন।

অস্কারজয়ী সুরকার এ আর রহমান জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বলেন, বঙ্গবন্ধু শুধু একজন মহান মানুষই নন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে যে এমন একজন মানুষের জন্মশতবার্ষিকীতে আমি প্রোগ্রাম করছি। বাংলাদেশে এসে আমি মুগ্ধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করে ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০। মনোমুগ্ধকর জমকালো এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। গতকাল অনুষ্ঠান শুরু হয় বিকাল পৌনে ৫টায়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে দুবার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রথম পর্বে পারফর্ম করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ও ফোকসম্রাজ্ঞী মমতাজ। দ্বিতীয় পর্বের প্রধান আকর্ষণ এ আর রহমান। ভারতীয় সংগীত জাদুকর গতকাল স্টেজে ওঠেন রাত ৯টা ৪০ মিনিটে। তাঁর প্রথম গানটি ছিল জয় হো! দেশাত্মবোধক গান দিয়ে শুরু করেন। একের পর এক নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে স্টেডিয়ামভর্তি দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখেন।

নিউজ ট্যাগ: এ আর রহমান

আরও খবর