
গান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছিলেন বলিউডের অভিনেত্রী সানি লিওন। শনিবার (১২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে ঢাকায় আসার বিষয়টি জানিয়েছিলেন সানি লিওন।
পরে আরেক পোস্টে তাপস ও স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেন তিনি। ঢাকায় প্রায় ১৯ ঘণ্টা অবস্থান করে রোববার (১৩ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এসময় তার সঙ্গে স্বামী ড্যানিয়েলসহ আরও চারজন সহকর্মী ছিলেন।
সানি লিওন ছাড়াও তাপস ও মুন্নি দম্পতির মেয়ের বিয়ে উপলক্ষে এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নার্গিস ফাখরি, নুশরাত জাহান, যশ ও মিমি চক্রবর্তী। এ সময় নেচে গেয়ে অনুষ্ঠান মাতান তারা। ওই অনুষ্ঠানে সানি লিওনের সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতিক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।
এর আগে বাংলাদেশের একটি সিনেমায় কাজ করার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন সানি লিওন। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রথমে তাকে অনুমতি দিলেও পরে তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করে দেয়।
সানি লিওন তার নাম গোপন করে ভিন্ন নামে, নিজেকে মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। তথ্য মন্ত্রণালয় বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করে।

