
দেশে মহামারি করোনা প্রকোপের কারণে ২০২০-২১ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ৩১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরুর কথা থাকলেও সেটি পিছিয়ে ১ অক্টোবর থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির কারণে বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পিছানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১ অক্টোবর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২ অক্টোবর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৩ অক্টোবর। এবং চারুকলা অনুষদের পরীক্ষা লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর।

