
শৃঙ্খলাভঙ্গের জন্য দেশসেরা আরচার রোমান সানাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে তিনি কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তা বিস্তারিত জানা যায়নি।
বাংলাদেশ আরচারি ফেডারেশন জানায়, টঙ্গীতে চলমান আরচারি ক্যাম্পে তার কিছু আচরণগত সমস্যা ধরা পড়েছে। যার যথাযোগ্য প্রমাণ সাপেক্ষেই গত ৪ নভেম্বর বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় তাকে সাময়িকভাবে আরচারি থেকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, রোমান সানার কিছু আচরণগত সমস্যা আছে। শৃঙ্খলাভঙ্গের বিষয়ও আছে। ক্যাম্পে এ বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়েছে। তাই তাকে সাময়িকভাবে আরচারি থেকে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, আমরা চাই না তার আচরণের নেতিবাচক প্রভাব জুনিয়রদের ওপর পড়ুক। আমরা একজন রোমানের কারণে দশজন রোমানকে নষ্ট করতে চাই না। তবে আমরা এটাও চাই, আরচার তার আচরণের পরিবর্তন করুন এবং শুদ্ধ হয়ে আবার আরচারিতে ফিরে আসুন।
প্রসঙ্গত, রোমান সানা দেশের এক নম্বর আরচার। তিনি ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।

